বাংলাদেশের দুই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ ফিফা সভাপতির

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:২০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:২০:৫৩ অপরাহ্ন
বাংলাদেশের ফুটবল উন্নয়নে নেওয়া দুটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের কথা জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সিদ্ধান্ত দুটি হচ্ছে, স্টেডিয়ামগুলোতে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার এবং চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করা।

ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। 

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেন ফিফা সভাপতি। এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা।

তাবিথ আউয়াল জানান, স্বল্পসময়ের এই বৈঠকে বাংলাদেশের ফুটবল অবকাঠামো উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড ফান্ডের যথাযথ ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

আলোচনার মূল বিষয় ছিল দীর্ঘদিন ধরে থমকে থাকা ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ ছাড় ও এর ব্যবহার। বাফুফে সভাপতি জানান, সরকার ইতোমধ্যে ফেডারেশনকে ১৫ একর জমি দিয়েছে। পাশাপাশি দুটি স্টেডিয়াম পরিচালনার দায়িত্বও পেয়েছে বাফুফে।

এসব স্টেডিয়াম সংস্কার, আধুনিক ফ্লাডলাইট স্থাপন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সিলেটে একটি অত্যাধুনিক হাইব্রিড পিচ তৈরির কাজে ফিফার বরাদ্দ করা অর্থ ব্যয় করা হবে। চলতি বছরের মধ্যেই এই তহবিলের আওতায় কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফিফা সভাপতির সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন,‘আমাদের টেকনিক্যাল সেন্টার, সিলেটের হাইব্রিড পিচ কিংবা স্টেডিয়াম সংস্কারের কাজ দৃশ্যমান হলেই সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনে বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি। তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিতে প্রস্তুত, তবে পুরো বিষয়টি নির্ভর করছে আমাদের কাজের অগ্রগতির ওপর।’

যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির কথা বিবেচনায় রেখে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।

এ ছাড়া সম্প্রতি আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে ইউরোপের দেশগুলোর, যেমন- সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহের বিষয়টিও ফিফা সভাপতিকে জানানো হয়েছে।

বৈঠকের বিষয়ে তাবিথ আউয়াল বলেন,‘বাংলাদেশ সরকার ও বাফুফের সদিচ্ছা ও আন্তরিকতা ফিফা সভাপতির নজর কেড়েছে। যাওয়ার আগে তিনি বাংলাদেশের ফুটবল অনুরাগী ও বাফুফের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়ে গেছেন। আশা করছি, আগামী দিনগুলোতে ফিফা থেকে আরও বড় ধরনের সহযোগিতা ও সমর্থন পাবে বাংলাদেশ।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :