​মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের ইচ্ছা জয়া আহসানের

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৬:৫৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৬:৫৬:৫১ অপরাহ্ন
বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তাঁরা। তবে প্রতিভাবান এই দুই শিল্পীকে একসঙ্গে পর্দায় খুব বেশি দেখা যায়নি। এবার মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁর সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জয়া আহসান।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমের অভিনয়দক্ষতার প্রশংসা করেন জয়া। তাঁর ভাষায়, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান।’

এই অভিনেতার সঙ্গে আরও কাজ করতে চান জানিয়ে জয়া বলেন, মোশাররফ করিমের সঙ্গে তাঁর সরাসরি অভিনয়ের সুযোগ খুব কম হয়েছে। তিনি আশা করেন, পরিচালকেরা তাঁর এই ইচ্ছার কথা শুনবেন এবং ভবিষ্যতে তাঁদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে। জয়ার প্রত্যাশা, মোশাররফ করিমও তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী, যদিও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

মোশাররফ করিমকে নিজের পছন্দের একজন গুণী অভিনেতা উল্লেখ করে জয়া আরও বলেন, তাঁরা একসঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটকের দৃশ্য এখনো অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াতে দেখেন তিনি।

জয়া আহসান ও মোশাররফ করিম ২০১১ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেন। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত নাটকটি প্রচারের পর দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। ইউটিউবেও এটি দেখা যাচ্ছে।

দুই অভিনয়শিল্পীর ভক্তদের কাছে তাঁদের নতুন কোনো কাজের প্রত্যাশা দীর্ঘদিনের। জয়া আহসানের এই আগ্রহের পর এবার দর্শকদের অপেক্ষা—কবে বড় পর্দা কিংবা ছোট পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :