​বান্দরবানে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০২:৫৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:৫৭:৩২ অপরাহ্ন
বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা বান্দরবানের লামা থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তানিয়া সুলতানা স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অন্য দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রেশমি আক্তার। পরে তাঁর সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। পরে তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজের পর তাদের সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান, বুধবার রাতে খুলশী থানা পুলিশ ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ওই বাসাগুলোতে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিল।

ওসি আরও জানান, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিন স্কুলছাত্রীকে নিরাপদ ও সুস্থ অবস্থায় আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সন্তানদের ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :