​বিক্ষোভে অংশ নেয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:২৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:২৫:০৬ অপরাহ্ন
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসন ও বিদেশী নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

যুক্তরাষ্ট্রের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এসময় আটক ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন।

৪৩ বছর বয়সী এই অভিনেতা বলিউড তারকা আমির খানের ভাগিনা।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও বিক্ষোভে অংশ নেয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিনেতা আমির খানের ভাগিনা অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (এলআইএন) জারি করা হয়েছে। নোটিশ অনুযায়ী, তাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইমরান খান মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিক্ষোভের পর পুলিশ তাকে আটক করে। ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও ইমরান খান ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন।

বিজেপি নেতা কিরিট সোমাইয়া সোমবার (১২ অক্টোবর) অভিনেতার বিক্ষোভে অংশ নেয়ার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেয়া হয়।

সোমবার সোমাইয়া দাবি করেন, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি প্রশ্ন তোলেন, তার উপস্থিতির উদ্দেশ্য কি এই প্রচার করা ছিল যে ‘এসআইআর’ মুসলিমবিরোধী বয়ান?

সোমাইয়া বলেন, আমি ইমরান খানকে অবিলম্বে তলব করার দাবি জানিয়েছি। পুলিশ আমাকে আশ্বাস দিয়েছে, তারা তাকে তলব করবে এবং তার নাগরিকত্ব-সংক্রান্ত নথিপত্র চাইবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :