​সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:৫৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:৫৭:৪৯ অপরাহ্ন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সম্পত্তির ভাগ নিয়ে ভাইয়ের সাথে বিরোধে আটকে গেছে বৃদ্ধ বাবার জানাজা ও দাফন। 

সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে না পাওয়ার অভিযোগে বাবার জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে হালিমা বেগম। এতে বাড়ির উঠানে পড়ে থাকে ৭৫ বছর বয়সী কৃষক নাজির উদ্দিন বেপারীর মরদেহ। 

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জানাজা ও দাফন নিয়ে অনিশ্চয়তা চলছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাজির উদ্দিন বেপারীর বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশিগঞ্জ গ্রামে। রোববার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করা হলেও সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তা অনুষ্ঠিত হয়নি।

মেয়ে হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত বাবার দাফনে সম্মতি দেবেন না বলে জানান তিনি।

বিরোধ নিষ্পত্তির উদ্যোগ হিসেবে স্থানীয়ভাবে হালিমা বেগমকে দেড় লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তার দাবি, টাকার পরিবর্তে সম্পত্তিতে তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিরোধ মিটিয়ে দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করতে স্থানীয়ভাবে উদ্যোগ নেয়া হয়। পরে সিদ্ধান্ত হয়, মরদেহ দাফনের পর সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হবে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইফতেখার মাহমুদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে। পরে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :