​ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, লাঠিপেটায় ছত্রভঙ্গ

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:০১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:১৩:৩৬ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করেছেন সিপিবি, বাসদসহ কয়েকটি বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা থেকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বেলা পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এর মধ্যেই বিকেল ৩টার দিকে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার কনসেশন চুক্তি সই হয়। চুক্তিটি ১৫ বছরের জন্য করা হয়েছে।

বিক্ষোভে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘আমরা আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল।’

তিনি দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা রয়েছে। তার ভাষ্য, এই কোম্পানিকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে।

সাজ্জাদ জহির আরও বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেওয়ার মানে হলো, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের নৌবন্দর, বিমানবন্দর—সব ব্যবহার করবে তারা।’

বিক্ষোভে পুলিশের লাঠিপেটার অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। শান্তিপূর্ণ সমাবেশের একপর্যায়ে পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করে।’

সিপিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের লাঠিপেটায় সাজ্জাদ জহির চন্দনসহ তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

সাজ্জাদ জহির বলেন, ‘আজ যারা বাংলাদেশটাকে আমেরিকার কাছে, ডিপি ওয়ার্ল্ডের কাছে বিক্রি করে দিচ্ছেন, তারা আজীবন দেশের বিশ্বাসঘাতক, বেইমান হিসেবে চিহ্নিত হবেন। আমরা বামপন্থীরা লড়াইয়ের মাঠে থাকব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা করব।’

এর আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও নাগরিক সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে। এনসিটি চট্টগ্রাম বন্দরের প্রধান কনটেইনার টার্মিনালগুলোর একটি এবং বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :