​পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৪:৪৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৪:৪৪:১৭ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে মাদরাসা সার্ভিস কমিশন (এমএসসি) বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি স্বীকৃত মাদরাসাগুলোতে ভবিষ্যতে শিক্ষক নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) মাধ্যমে করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভা এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মাদরাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে সেটিকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করা হবে। এর ফলে স্কুল ও মাদরাসায় শিক্ষক নিয়োগের জন্য আলাদা কমিশনের পরিবর্তে একটি অভিন্ন নিয়োগব্যবস্থা চালুর পথ তৈরি হবে।

নবান্নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে বিধানসভায় দুটি পৃথক বিল পেশ করা হবে। একটি বিলের মাধ্যমে মাদরাসা সার্ভিস কমিশন আইন বাতিল করা হবে। অপর বিলটিতে স্কুল সার্ভিস কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। বিধানসভায় বিল দুটি পাস হওয়ার পর সেগুলো রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদনের পর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হলেই নতুন ব্যবস্থা কার্যকর হবে।

২০০৮ সালের মাদরাসা সার্ভিস কমিশন আইনের ভিত্তিতে ওই বছরের ২২ অক্টোবর পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল। এর এক বছর আগে, ২০০৭ সালে রাজ্যের ৬১৪টি মাদরাসাকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য পৃথক কাঠামো হিসেবেই পরে মাদরাসা সার্ভিস কমিশন গড়ে ওঠে।

নতুন কাঠামো চালু হলে মাদরাসার শিক্ষক নিয়োগও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই সম্পন্ন হবে। ফলে চাকরিপ্রার্থীদের স্কুল ও মাদরাসার জন্য পৃথক নিয়োগ কমিশনে আবেদন বা আলাদা পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা এবং পরীক্ষার ধরন কী হবে, তা আইন সংশোধনের পর নির্ধারণ করা হবে।

মাদরাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক পর্যায়েও সম্প্রতি পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ সংখ্যালঘুবিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের পরিবর্তে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, রাজ্যের জন্য অভিন্ন শিক্ষা কাঠামো গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :