কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি, মেসিকে নিয়ে পরীমণি

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৩০:৩২ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। এটি কেবল একটি নাম নয়, ফুটবল ইতিহাসের একটি অধ্যায়। বিদায়ের রাতটাকেও নিজের মতো করে রাঙিয়ে গেলেন এই ফুটবলের মহাতারকা। শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন মেসি। 

চিত্রনায়িকা পরীমণি আর্জেন্টিনার ভক্ত, আর মেসির খেলা দেখার সময় তার হার্টবিট বেড়ে যায়—এই সরল স্বীকারোক্তি আগেই দিয়েছেন এই নায়িকা। গতকাল রাতে মেসির বিদায়ী ম্যাচ দেখার আগে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন পরীমণি। প্রিয় ফুটবলারকে বিদায় জানানো কতটা কষ্টের তা তার বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

পরীমণি বলেন, “আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর।” 

স্মৃতিচারণ করে পরীমণি বলেন, “কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে। ২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাইহোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।” 

প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়ে পরীমণি বলেন, “বিদায় নয়, লিও…। তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে—কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয় লিও মেসি।”  

ভক্ত-অনুরাগীরাও পরীমণির আবেগ-ভালোবাসাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। অনেকে তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। ফারজানা বেগম আঁখি নামে একজন লেখেন, “যা কিছু ভালো যা কিছু সুন্দর, যা কিছু মানুষের মনে ছাপ ফেলে, তা সবই অমরত্ব পায়, মেসি অবশ্যই সেরাদের সেরা এবং শ্রেষ্ঠ খেলোয়াড়।”

পরীমণির হাসি ও মেসির প্রশংসা করে তামিম ইকবাল লেখেন, “তোমার হাসির মতই সুন্দর মেসির খেলা!” আজিজ সরকার লেখেন, “একটা যুগের শেষ হতে যাচ্ছে…। মেসি থাকবে না, কিন্তু মেসির স্মৃতিগুলো সারাজীবন থাকবে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :