​হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৪:৫০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:৩২:৪০ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ৬ অক্টোবরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৯১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৮৬ জন। চট্টগ্রামে ২৬০, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৩৫ এবং রাজশাহীতে ২৭ জন শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ঢাকায় দুইজন, চট্টগ্রামে দুইজন, বরিশালে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে দেশব্যাপী লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। ২০২৬ সালের কর্মসূচিতে মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ৪ লাখ ২২ হাজার ৫৫৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের হার ১১৩ দশমিক ৪ শতাংশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :