জরুরি তেল মজুতের ৮০ শতাংশের বেশি সরবরাহ করেছে আইইএ

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৪:১৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৪:১৭:০৪ অপরাহ্ন
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্যদেশগুলোর প্রতিশ্রুতি দেয়া জরুরি তেল মজুতের ৮০ শতাংশের বেশি ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে। গত শুক্রবার সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ নেতাদের এ তথ্য জানিয়েছেন।

আইইএ’র এক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গত ১১ মার্চ সংস্থাটি জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল, যা সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত পদক্ষেপ। ফাতিহ বিরোল জানান, প্রতিশ্রুত সেই জ্বালানির মধ্যে এ পর্যন্ত প্রায় ৩২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছে।

আইইএ প্রধান উল্লেখ করেন, হরমুজ প্রণালি সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজার, বিশেষ করে ডিজেল সরবরাহে তীব্র চাপ অব্যাহত রয়েছে। এছাড়া রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণেও ডিজেল বাজারে চাপ বাড়ছে, সরবরাহ সংকুচিত হচ্ছে এবং পণ্যের দাম বাড়ছে।

এদিকে গত শুক্রবার জি-৭ জোটের দেশগুলো আইইএ’র মাধ্যমে আগামী চার মাসে তাদের জরুরি মজুত থেকে আরও ১০ কোটি ব্যারেল তেল ও জ্বালানি ছাড়তে সম্মত হয়েছে। নেতাদের ভার্চুয়াল বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বলা হয়, পদক্ষেপটি শুরুর প্রথম ২০ দিনের মধ্যেই বড় একটি অংশ ডিজেল হিসেবে বাজারে ছাড়া হবে।

জি-৭ দেশগুলো তেল শোধনাগারের রক্ষণাবেক্ষণে পারস্পরিক সমন্বয় এবং সদস্যদেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানিতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করার বিষয়েও একমত হয়েছে। নতুন এই পদক্ষেপগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করে আগামী ২০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে আইইএকে অনুরোধ জানিয়েছেন জি-৭ নেতারা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :