​কিশোরগঞ্জে চুরির ঘটনায় সালিশের আগেই সংঘর্ষ, আহত ৩০

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৫:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৫:০০:১০ অপরাহ্ন
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির বিষয় নিয়ে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এই বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম্য সালিশের আয়োজন করেন। তবে সালিশ শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে হঠাৎ দুই পক্ষের লোকজন দা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্যই তিনি গ্রামে গিয়েছিলেন। কিন্তু উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত চেষ্টায় সংঘর্ষ থামানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :