বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিল সরকার

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০২:৩২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০২:৩২:৪৩ অপরাহ্ন
জ্বালানি তেল আমদানি ও সংশ্লিষ্ট ব্যয় মেটাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপিসির ওপর তৈরি হওয়া বড় ধরনের আর্থিক চাপ সামাল দিতে এ অর্থ দেওয়া হয়েছে।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। গতকাল (মঙ্গলবার) আমরা ওই অর্থ পেয়েছি।’

তিনি জানান, বিপিসির পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে।

বিপিসি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহন ও হ্যান্ডলিং ব্যয় বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে সংস্থাটির আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধে প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান হয়েছে।

জানা গেছে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বিপিসিকে অতিরিক্ত প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এ সময়ে শুধু জাহাজভাড়াই কয়েক গুণ বেড়েছে।

আগে যেখানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের জন্য জাহাজভাড়া তিন-চার ডলারের মধ্যে ছিল, তা বেড়ে ১৫-১৭ ডলারে উঠেছে।
ফলে জ্বালানি তেল আমদানিতে বিপিসির মাসিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে সেই অনুপাতে জ্বালানি তেলের দাম সমন্বয় না হওয়ায় সংস্থাটির আর্থিক চাপ আরো বেড়েছে।

এ পরিস্থিতিতে গত ২০ সেপ্টেম্বর ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। তবে দাম সমন্বয়ের পরও বিপিসির ওপর তৈরি হওয়া বড় আর্থিক চাপ সামাল দিতে সরকারের কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হয়েছে।

বিপিসির নতুন এই ঋণ জ্বালানি তেল আমদানির অর্থের জোগান নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খোলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এতে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিপিসির সক্ষমতা বাড়বে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :