স্বরাষ্ট্রমন্ত্রী

​মিরপুর উচ্ছেদ অভিযানে ছিল সমন্বয়হীনতা, তদন্তের নির্দেশ

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৪:১৯:৫৮ অপরাহ্ন
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের বড় ধরনের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ না করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা ও আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলাকালে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উচ্ছেদের সময় ফুটপাতের তার সরাতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাশের ট্রান্সফরমারে আগুন ও বিস্ফোরণ ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে কেন যোগাযোগহীনতা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে সম্প্রতি দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিকের গভীর উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় সরকারের কাছে বিবেচ্য নয়। রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। মিরপুরে ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কোনো সংসদ সদস্য বা প্রভাবশালী নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইতোমধ্যে ওই ঘটনায় দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে, ঢালাওভাবে বিএনপিকে 'চাঁদাবাজ' আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে দোষারোপ করতেই এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে; জনগণই এর সঠিক বিচার করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যেমন মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র বা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে এনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না। সরকার এসব প্রতিটি ঘটনার নির্মোহ ও সুষ্ঠু তদন্ত করছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি বিষয়ে মন্ত্রী জানান, এবার সারা দেশে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি। দেশে বর্তমানে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে উল্লেখ করে তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব পালনের সুবিধার্থে দুর্গাপূজার সরকারি ছুটি এবার একদিন থেকে বাড়িয়ে মোট তিনদিন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :