নর’ইস্টারের আঘাতে বিপর্যস্ত মার্কিন জনজীবন

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৫৫:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৫৫:০৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় নর’ইস্টার। ঝড়ের প্রভাবে নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে বিরাজ করছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া।

প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড এবং নেপসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বন্যা। ব্রুকলিনে গাছ ছাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতীয় আবহাওয়া সেবার (এনডাব্লিউএস) পূর্বাভাস অনুযায়ী, নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়া এই ঝড়ের মূল লক্ষ্যবস্তুতে রয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল থেকে উত্তর মধ্য-আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। 

রবিবার সকালের মধ্যে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের ওপর দিয়ে অতিক্রমকালে এর পূর্ণ শক্তি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের কারণে মধ্য-আটলান্টিক উপকূলে বড় ধরনের উপকূলীয় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হাচুল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এই ছুটির দিনে যারা পানির কাছে বা ভেতরে যাবেন, তারা আক্ষরিক অর্থেই জীবন নিয়ে জুয়া খেলছেন।” তিনি লং আইল্যান্ডে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ২০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সিটির বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার এবং ছিঁড়ে পড়া বিদ্যুৎ লাইন ও তীব্র বাতাস থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ঝড়ের কারণে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী, শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে- যার মধ্যে কেবল বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়। জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থাগুলো যাত্রীদের জন্য ফ্রি ফ্লাইট পরিবর্তনের সুবিধাসহ ভ্রমণ সতর্কতা জারি করেছে।

তীব্র বাতাসের কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সদর দপ্তরের বাইরে থাকা সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নিয়ে গণমাধ্যমগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিউ ইয়র্কের গ্লোবাল সিটিজেন ও অল থিংস গো এবং মেরিল্যান্ডের ওশেনস কলিংয়ের মতো বড় ধরনের সব সাংস্কৃতিক ও সংগীত উৎসব বাতিল করা হয়েছে। এমনকি ব্রিটিশ পপ গায়ক এড শিরানের কনসার্টও এই ঝড়ের কারণে স্থগিত করা হয়। 

আবহাওয়াবিদরা জানান, সাধারণত শরৎ থেকে বসন্তকালের শুরুর দিকে নর’ইস্টার ঝড়ের প্রকোপ বেশি দেখা যায়। এর আগে চলতি বছরেই আরেকটি শক্তিশালী ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :