​জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:১৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:১৭:৫২ অপরাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের ধারাবাহিকতায় সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভবনের ২৭তম তলায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদান তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক কূটনীতি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা জানান।

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। যৌথ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :