অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৩:৪৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৩:৪৫:৫৯ অপরাহ্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিছিল শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম বলেন, অপ্রতিম হত্যার শোক পালন এবং হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আমরা মৌন মিছিল করেছি। শুরু থেকেই আমরা চার দফা দাবি জানিয়ে আসছি। এসব দাবি বাস্তবায়নের জন্যই আজ আমরা এখানে জড়ো হয়েছি। আমরা চাই, প্রশাসন দ্রুত অপ্রতিম হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি আমাদের চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে- অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন ও ফাঁসি কার্যকর করা, কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ নেয়া। এছাড়া, নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর বাসার পাশে গন্ধমতিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে, অপ্রতিম হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :