​শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:২৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:২৯:৩৮ অপরাহ্ন
ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এবার বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য বিশেষায়িত কেন্দ্র নির্মাণে নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির এই অনুদান দেওয়া হয়েছে এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে। প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মিত হতে যাওয়া কেন্দ্রটির আয়তন ৫ হাজার ১৩৭ বর্গমিটার। এখানে প্রতি বছর আনুমানিক ৪০০ শিশুকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

শিশুদের ক্যানসার চিকিৎসার বিভিন্ন সেবা একই ছাদের নিচে নিয়ে আসাই এই কেন্দ্রের মূল লক্ষ্য। এর মাধ্যমে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে এক জায়গায় সর্বোচ্চ মানের বিশেষায়িত চিকিৎসা ও যত্ন দেওয়ার পরিকল্পনা রয়েছে। মেসি ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগের সম্মিলিত অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি।

তবে মেসি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ নয়। শিক্ষা, খেলাধুলা ও নানা সামাজিক উদ্যোগেও সক্রিয় সংস্থাটি। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, মেসির জন্মশহর রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণেও কাজ করছে ফাউন্ডেশন।

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে খেলাধুলাকে কাজে লাগানোও ফাউন্ডেশনটির অন্যতম লক্ষ্য। এ জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের আয়োজন করে তারা। পাশাপাশি আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে খেলার মাঠ সংস্কার ও নতুন মাঠ নির্মাণেও ভূমিকা রাখছে সংস্থাটি। এসব উদ্যোগে সরাসরি উপকৃত হচ্ছে স্থানীয় বিদ্যালয় ও বিভিন্ন এলাকার মানুষ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :