রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০২:২৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৩:৫৪:১৬ অপরাহ্ন
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এ ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আনসার বাহিনী জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন, তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ওই ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো বিষয় নেই।

আনসার বাহিনী বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

রাবি শিক্ষার্থীকে মারধর: আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :