​ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৫:৩৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৫:৩৪:৪৯ অপরাহ্ন
দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে। একই সময়ে নতুন করে আরো ১,২৩২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) পাঠানো হালনাগাদ ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। চলতি বছরে ঢাকা বিভাগে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৮৬ জনে।  

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১,২৩২ জন নতুন রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে ৪১৪ জন, খুলনা বিভাগে ২৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন,
রাজশাহী বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে৪৭ জন ও সিলেট বিভাগে ৬ জন।
 
সার্বিক পরিস্থিতি ও ছাড়পত্র
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে মোট ৬০,৩৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৬,০৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪,১৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।  

গত বছরের তুলনায় সংক্রমণ বৃদ্ধি
২০২৫ সালের একই সময়ের (১ জানুয়ারি – ১৯ সেপ্টেম্বর) তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক।  
২০২৫ সাল: মোট আক্রান্ত ছিলেন ৪০,৭০৯ জন এবং মৃত্যু হয়েছিল ১৬৭ জনের।  
২০২৬ সাল: মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৬০,৩৭৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।  

বিশেষজ্ঞরা বাসাবাড়ির টব, ডাবের খোসা, ড্রাম কিংবা জমে থাকা স্বচ্ছ পানিতে যেন এডিস মশা বংশবৃদ্ধি না করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার তাগিদ দিয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :