সুগন্ধার গ্রাসে বাবুগঞ্জ

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৩:০২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৩:০২:১৭ অপরাহ্ন
হঠাৎ ভয়াবহ রূপ নিয়েছে বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর ভাঙন। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া আকস্মিক ভাঙনে বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এরই মধ্যে একটি পুরনো মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা ও বিভিন্ন স্থাপনা নদীতে চলে গেছে। ভাঙনের মুখে থাকা আরও কয়েকটি স্থাপনা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নদীভাঙন অব্যাহত। নদীর পাড়ে একের পর এক ধস নামায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে অল্প সময়ের মধ্যে আরও বসতবাড়ি, দোকানপাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে।

সরেজমিন দেখা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজারসংলগ্ন সুগন্ধা নদীর তীরে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের মুখে রয়েছে নবনির্মিত খেয়াঘাট জামে মসজিদ, একাধিক দোকান এবং বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটসংলগ্ন সংযোগ সড়ক। একই সঙ্গে ঝুঁকিতে রয়েছে বিআইডব্লিউটিএর পন্টুন।

স্থানীয় বাসিন্দা রিয়াজ আদনান জানিয়েছেন, বছরের পর বছর বাবুগঞ্জ বাজার ও আশপাশের বসতবাড়ি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এবারও ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বাজার ও বসতবাড়ি রক্ষায় দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাবুগঞ্জ বাজারের বাসিন্দা ও বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানিয়েছেন, বাজার এবং আশপাশের ঘরবাড়ি ও স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবালকে একাধিকবার ভাঙনের ভয়াবহতার কথা জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়নি।

তিনি বলেছেন, মানুষের ঘরবাড়ি ও শেষ সম্বল নদীগর্ভে চলে যাওয়ার পর ব্যবস্থা নিলে সেই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার রক্ষায় এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাবুগঞ্জ বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানিয়েছেন, বাবুগঞ্জ বাজার রক্ষায় একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে প্রকল্পটি বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।

এদিকে নদীভাঙন ও জরুরি প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :