​মেঘনায় ধরা পড়ল সাত মণের শাপলাপাতা মাছ

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৩:৫১:৩৬ অপরাহ্ন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ। প্রায় ৭ মণ ওজনের মাছটি হাতিয়ার চেয়ারম্যান ঘাটের গাজি মেম্বারের আড়তে ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের গাজী মেম্বারের আড়তে মাছটি তোলা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী বিষু বেপারী সর্বোচ্চ দরদাতা হিসেবে ৮২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার আকবর হোসেন জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভাসানচরের কাছাকাছি মেঘনা নদীতে জেলেদের ফেলা ‘চরঘেরা’ জালে মাছটি আটকা পড়ে। পরদিন বুধবার মাছটি চেয়ারম্যান ঘাটের আড়তে নিয়ে আসা হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন প্রায় ৭ মণ। পরে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষু বেপারী মাছটি কিনে নেন।

ব্যবসায়ী বিষু বেপারী জানান, মাছটি ঢাকা অথবা চট্টগ্রামে নিয়ে বিক্রি করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, শাপলা পাতা মাছ ধরা ও বিক্রির বিষয়টি নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। হাতিয়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘শাপলা পাতা মাছ ধরা মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ না হলেও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী এটি সংরক্ষিত প্রাণী। ফলে এ প্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ।’

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান ঘাটে শাপলা পাতা মাছটি ধরা ও বিক্রির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় জেলেদের ভাষ্য, মেঘনা নদীতে বিভিন্ন সময় বড় আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়লেও এত বড় মাছ সচরাচর দেখা যায় না। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে স্থানীয় মানুষের ভিড়ও জমে যায়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :