নীলফামারীতে মৌসুমের প্রথম কুয়াশা

শিশিরে ভিজল ফসলের মাঠ

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১২:২৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১২:২৭:১৩ অপরাহ্ন
নীলফামারীতে মৌসুমের প্রথম কুয়াশার দেখা মিলেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে দূরের গাছ, ঘরবাড়ি ও সড়কপথ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। একই সঙ্গে ঘাস, গাছের পাতা ও ফসলের জমিতে জমে থাকতে দেখা গেছে শিশির।

আজ ভোরে অনেককে কুয়াশার মধ্যে সড়কে হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে দেখা গেলেও কম দৃশ্যমানতার কারণে যানবাহন চালকদের হেডলাইট চালু রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরে কুয়াশা ও শিশিরের উপস্থিতি শীতের আগমনী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ডোমার পৌরসভার কাওছার আলম জানান, ৪/৫ দিন থেকে দিনের বেলার চেয়ে রাতে তাপমাত্রা কিছুটা কম থাকছে। আজ এ মৌসুমের প্রথম কুয়াশা দেখা যায়। হয়তো এখন প্রতিদিন এরকম হবে। 

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, “তাপমাত্রার তারতম্য ও বাতাসে থাকা জলীয়বাষ্পের কারণে ভোরে এ ধরনের কুয়াশা বা আবছা আবরণ তৈরি হতে পারে। দিনের তুলনায় রাত ও ভোরে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস দ্রুত ঠান্ডা হয়ে যায়। এ সময় বাতাসে থাকা জলীয়বাষ্প ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বাতাসে ভেসে থাকে। ফলে ভোরের দিকে ঘাস, ফসলের মাঠ ও আশপাশের এলাকায় কুয়াশার মতো আবহ তৈরি হয়। এ সময় প্রকৃতপক্ষে কুয়াশা হওয়ার কথা নয়।” 

তিনি বলেন, “বুধবার সকাল ৬টায় সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :