​রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৭:০২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৭:১৯:৫২ অপরাহ্ন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

তবে এ অনুষ্ঠানে যোগ দেননি বিএনপির কয়েকজন সংসদ সদস্যসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা। সিলেট বিএনপির পক্ষ থেকেও অনুষ্ঠানটি বয়কট করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ না করে সিসিকের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন এবং অনেক দলীয় নেতাকর্মীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে তারা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সফর বা তার কর্মসূচির বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। নাগরিক সংবর্ধনার আয়োজন ও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থেকেই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না। যথাযথভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানটি বয়কট করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা সিনিয়র বিএনপির নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এসেছিলাম। আমাদের অনেক নেতাই এসেছেন। কিন্তু আয়োজনের ক্ষেত্রে এককভাবে সবকিছু করা হয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। এমনকি আমাদের গাড়িগুলোও অনুষ্ঠানস্থলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা রাষ্ট্রপতির সফর বা তার কর্মসূচির বিরোধিতা করছি না। রাষ্ট্রপতির সিলেট সফরের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তার মাজার জিয়ারতের সময়ও ছিলাম, তাকে স্বাগত জানাতেও এসেছি এবং বিদায়ের সময়ও থাকব।

তিনি আরও বলেন, আমাদের আপত্তি সিটি কর্পোরেশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও আয়োজনের প্রক্রিয়া নিয়ে। আমরা আমন্ত্রণপত্র পেয়েছিলাম। তবে যেভাবে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, সেটি আমাদের কাছে সম্মানজনক মনে হয়নি। আমাদের মনে হয়েছে, এটি অনেকটা নিয়ম রক্ষার আমন্ত্রণের মতো। এ কারণে আমরা অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনায় অনুপস্থিত থাকা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

এর আগে আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সূত্র: ইত্তেফাক

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :