​ডাকসুর মেয়াদ শেষ, তবে...

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০৪:৪৮ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ শেষ হলেও আপাতত দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচিত নেতারা। তবে এর মধ্যে তফসিল ঘোষণা হলে কমিটির কার্যকারিতা শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তফসিল ঘোষণা হলেই যেকোনো সময় দায়িত্ব ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির একাধিক নেতা। ২৮ বছর পর ২০১৯ সালের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ১৪ সেপ্টেম্বর শিবির-সমর্থিত প্যানেল ডাকসুর দায়িত্ব নেয়।

গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী, এ কমিটির মেয়াদ ৩৬৫ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে আরও ৯০ দিন দায়িত্ব পালন করবেন নির্বাচিত নেতারা। এরইমধ্যে গত রোববার (১৪ সেপ্টেম্বর) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।

তবে প্রশাসন এখনও নির্বাচনের তফশিল ঘোষণা না করায় দায়িত্ব সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব পালন অব্যাহত রাখবে। যদিও তারা রুটিন দায়িত্ব পালন করলেও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :