প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০২:০১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৪:১০:৪৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফর স্থগিত করা হয়েছে। রোববার (১৩ সেপ্টম্বর) ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী পহেলা অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী আসবেন বলে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তার সফর স্থগিত করা হয়েছে। তিনি নতুন নির্ধারিত তারিখে আগামী পহেলা অক্টোবর ফেনী সফরে আসবেন। এ সময় তিনি ফেনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

এদিকে সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে।

বর্তমানে পরশুরাম-সুবা বাজার সড়কের মুহুরী নদীর তীরে মাটি সমতল করে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক তৈরির কাজ জোরকদমে চলছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নির্মাণাধীন পথসভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্ভাব্য আকাশপথে সফরের বিষয়টি বিবেচনায় রেখে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফেনী-পরশুরাম সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পরশুরাম ছাড়াও নানার বাড়ি ফুলগাজীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক কাজের উদ্বোধন করবেন তারেক রহমান। কর্মসূচির মধ্যে রয়েছে—খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন ও বৃক্ষরোপণ, সোলার প্যানেল ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন, কৃষকদের প্রণোদনার জন্য কৃষক কার্ড বিতরণ, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে প্রণোদনা বিতরণ, দুস্থ ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষদের আর্থিক সাহায্য এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। এছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজীতে তার নানার বাড়িতে যাবেন এবং প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করবেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :