​৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ১২:৩৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ১২:৩৮:২২ অপরাহ্ন
দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অনন্য উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৬৪টি জেলাতেই সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি লাগবে না। উল্টো প্রশিক্ষণ চলাকালে যাতায়াত ও খাবারের জন্য প্রতিদিন ২০০ টাকা করে ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যাবলি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে এই বিস্তৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো তরুণ-তরুণী ও নারী-পুরুষ এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে প্রার্থীদের অবশ্যই কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে। বাছাই প্রক্রিয়ায় আইসিটির মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে ভালো দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারিত হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫ ৯ মিনিট। আবেদনকারী প্রার্থীদের প্রাক-বাছাইয়ের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দিষ্ট প্রজেক্ট পোর্টালে (dydaiproject.com) প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা "Apply Now" বা "অনলাইনে আবেদন করুন" বাটনে ক্লিক করে আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে।

আবেদন ফর্মে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে। পরবর্তী ধাপে মাধ্যমিক (SSC) ও উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষার তথ্য (রোল, রেজিস্ট্রেশন, বোর্ড ও জিপিএ) ইনপুট দিতে হবে।

এরপর ড্রপডাউন মেনু থেকে প্রার্থীর নিজ জেলা ও সংশ্লিষ্ট প্যাকেজটি নির্বাচন করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্পষ্ট স্বাক্ষর স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। সব তথ্য পুনরায় যাচাই করে "Submit" বাটনে ক্লিক করলে আবেদন সফল হবে। সফল আবেদনের পর স্ক্রিনে প্রদর্শিত কনফার্মেশন ও ট্র্যাকিং নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :