​মুবিন পাঁচ দিনের রিমান্ডে

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৩৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৩৮:৫৯ অপরাহ্ন
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে মুবিনের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর নিরাপত্তা বেষ্টনী এলাকায় ওই যুবককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়।

একপর্যায়ে তিনি নির্ধারিত নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে যান। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে আসামি মোটরসাইকেলসহ নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করে অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :