রংপুরে ৪ খুন: দ্রুত চার্জশিট দেওয়ার আশা ত্রাণমন্ত্রীর

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:৩৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:৩৫:১৬ অপরাহ্ন
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘গণপতি চক্রবর্তীসহ চারজনের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

তদন্তে সময় লাগার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তদন্তেও নানা তথ্য সামনে আসছে। এ কারণে কিছুটা সময় লাগছে।’

তিনি বলেন, প্রকৃত দোষীদের এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনাই এখন সবচেয়ে জরুরি।

রংপুর শহরে এর আগে এমন বড় হত্যাকাণ্ড ঘটেছে বলে তার জানা নেই উল্লেখ করে দুলু বলেন, এ কারণে তদন্তে কিছুটা সময় নেওয়া হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অ্যানেসথেশিয়া চিকিৎসকের সংকটের কারণে এত দিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

সারা দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবলসহ অন্যান্য চাহিদা পূরণের চেষ্টা করা হবে।

এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :