মক্কা প্রতিরক্ষা চুক্তি

​বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৪৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫৪:০০ অপরাহ্ন
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণে বাংলাদেশের লাভ-ক্ষতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে লাভ আছে, বলেন? মানে এখানে ঝুঁকি এটা। এখন যদি বাঁচার আগে মরার চিন্তা করি তাহলে তো সমস্যা।’

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যখন আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে, আমরা অবশ্যই আপনাদের জানাব। আমরা বর্তমানে এই বিষয়ে আলোচনা করছি। সকল দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে সেই আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।’

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ কাঠামোর অধীনে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশ একটি বিশাল অবদানকারী দেশ। শান্তি রক্ষা করা বাংলাদেশের জন্য কোনো নতুন ধারণা নয়; এই ক্ষেত্রে আমাদের ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে এবং এর জন্য আমরা বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা সারা বিশ্বেই এটা করে থাকি, তাহলে এখানকার আমাদের মুসলিম ভাইদের জন্য কেন করব না? বিশেষ করে যখন এর সঙ্গে মুসলিম দেশগুলো, বিশেষত সৌদি আরব জড়িত— যারা দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক।

তিনি বলেন, মুসলিম বিশ্বের কিছু চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে এসে সহায়তা করার জন্য একটি ইতিবাচক মনোভাব নিয়ে এই বিষয়টিকে গ্রহণ করা মোটেও খারাপ কিছু নয়। তাই আমরা এটিকে ইতিবাচকভাবে দেখছি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা গঠনমূলকভাবে এগিয়েছে। আমরা আরও সম্পৃক্ত হলে পরিস্থিতি কীভাবে এগোয় তা দেখা যাক। আমরা এই বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি।

ওআইসি সম্মেলনের সাইডলাইনে সৌদি, তুরস্কের মন্ত্রীদের সাথে আলোচনা কেমন ছিল এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন, ‘ইতিবাচক, খুবই ইতিবাচক। আমি যেমনটা উল্লেখ করেছি, বাংলাদেশের দক্ষতা ও অভিজ্ঞতার ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এই ক্ষেত্রে নতুন নই, শান্তি কার্যক্রমেও অনভিজ্ঞ নই। আমরা বিশেষজ্ঞ, জাতিসংঘের শান্তিরক্ষা ব্যবস্থায় অন্যতম বৃহত্তম একটি দল নিয়ে আমরা অবদান রাখছি।’

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক স্থল নিরাপত্তার অগ্রভাগে রয়েছি। আমরা অবদান রাখি কারণ আমাদের অংশগ্রহণ স্বতন্ত্র মাত্রা যোগ করে। অন্য কোনো বিকল্প নেই বলে নয়, বরং সংশ্লিষ্ট পক্ষগুলোর উপলব্ধি, বাংলাদেশ তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণে প্রকৃত অর্থেই বিশেষ মাত্রা যোগ করে।

মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করলে অন্য কোনো জোটে অংশগ্রহণ কঠিন হবে কিনা প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি অনন্য চুক্তি যা প্রস্তাব করা হয়েছে। এতে নতুন সুযোগ তৈরি হবে। আজকের এই অস্থিতিশীল বা সংকটময় আন্তর্জাতিক রাজনৈতিক আবহে নির্দিষ্ট জোটে প্রবেশ করার অর্থ এই নয় যে আপনি অন্যান্য জোট বা ক্ষেত্রে অবদান রাখতে পারবেন না। এটি আপনার পরিধি সীমাবদ্ধ করে না।

তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশকে অবশ্যই বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যন্ত সমন্বিত ও নমনীয়ভাবে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা সহযোগিতার দিকে অগ্রসর হতে হবে। এর ওপর ভিত্তি করে এখানে কোনো ঝুঁকি নেই। আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখব। বাংলাদেশ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। যেখানেই শান্তি ও স্থিতিশীলতা প্রধান লক্ষ্য, বাংলাদেশ সর্বদা সেখানে উপস্থিত থাকবে।

এদিকে দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :