বিদেশিদের উদ্ধারকাজে অংশ নেয়ার অনুমতি দিলো নেপাল

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০২:২১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০২:২১:২৪ অপরাহ্ন
আকস্মিক বন্যা ও ভূমিধসে পর্যুদস্ত নেপাল শুরুতে বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। যেসব দেশের নাগরিকরা এ দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছে, তাদের তীব্র কূটনৈতিক চাপের মুখে নেপালের সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। খবর কাঠমান্ডু পোস্টের।

গত বুধবারও (২৬ আগস্ট) নেপাল সরকার জানিয়েছিল, তাদের নিরাপত্তা বাহিনীগুলোই উদ্ধার কার্যক্রম পরিচালনায় স্বয়ংসম্পূর্ণ। অন্য কোনও দেশকে উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি দেয়া হবে না। কিন্তু প্রশাসনের এ সিদ্ধান্ত একদিনও টেকেনি।

দুর্গম টানেলে উদ্ধারকাজ, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক পরীক্ষার জন্য সীমিত পরিসরে বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নেপালের এক সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ব্যাপক চাপ ছিল যেন অন্তত উদ্ধারকারী দল ও কিছু বিশেষজ্ঞদের আসতে দেয়া হয়, কারণ বন্যায় তাদের নাগরিকরাও নিখোঁজ হয়েছেন। তাই আমরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমিত সংখ্যক বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দিচ্ছি।’

শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, নেপালে বন্যায় ৬২৬ জনের মরদেহ মিলেছে। ৩১টি দেশের ৫১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ৯৭৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন ভারতীয় নাগরিক। এছাড়া ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির মাধ্যমে ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে সবুজ সংকেত দিয়েছে নেপাল সরকার।

এর বাইরে আরও কয়েকটি দেশ নেপালকে ত্রাণ সহায়তার পাশাপাশি নিজেদের বিশেষজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করলেও সরকার সবার আবেদন গ্রহণ করেনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :