ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৪:০৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৪:০৮:৫০ অপরাহ্ন
ফেনী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিম। অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ​বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়। তিনি চলতি বছরের ১২ মার্চ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান।

​চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তাঁকে ফেনী জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়।  

​পৃথক আরেক প্রজ্ঞাপনে ফেনীর বর্তমান জেলা প্রশাসক মনিরা হককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মনিরা হক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব পদ থেকে ২০২৫ সালের ২৭ অক্টোবর ফেনী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। ​জেলা প্রশাসনে এই রদবদল দ্রুত কার্যকর করা হবে বলে জানা গেছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :