​যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০১:০৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০১:০৭:২৯ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। উত্তর কোরিয়ার সাথে সংলাপকে উৎসাহিত করার প্রচেষ্টায় ওয়াশিংটন সিউলের সাথে তাদের বার্ষিক মহড়ার পরিধি কমিয়ে আনার পর এই ঘোষণা এলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে আয়োজিত ‘ফ্রিডম এজ’ মহড়া আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিন দেশ প্রতিবছর এই প্রতিরক্ষামূলক মহড়া আয়োজন করে।’

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত এই মহড়ায় সমুদ্রপথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আকাশ ও আকাশ প্রতিরক্ষা মহড়া, সাবমেরিনবিরোধী অভিযান এবং সাইবার প্রতিরক্ষা কার্যক্রম থাকতে পারে।

২০২৩ সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে তিন দেশের নেতাদের মধ্যে সমঝোতার পর ২০২৪ সালের জুনে প্রথমবার ‘ফ্রিডম এজ’ মহড়া অনুষ্ঠিত হয়।

ইয়োনহাপ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ক্লোয়ি মরগান বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ বহুমাত্রিক মহড়ার মাধ্যমে আমাদের অভিন্ন মূল্যবোধ আরও দৃঢ় হবে, পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়বে এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে— যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।’

এদিকে, চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিয়মিত ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার সময় ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করার নির্দেশ দেন।

ওয়াশিংটন যখন পিয়ংইয়ংয়ের সাথে সংলাপ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, ট্রাম্প সেই সময়ে বলেছিলেন, এই মহড়াগুলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য ‘খুবই অপমানজনক’ এবং কিম ‘খুবই ভালো আচরণ’ করছেন।

দক্ষিণ কোরিয়া সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরেকটি যৌথ সামরিক মহড়া—দুই বছর পরপর অনুষ্ঠিত ‘সাংইয়ং’ মহড়াও বাতিল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মার্কিন সেনা মোতায়েনের সক্ষমতার ওপর চাপ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ট্রাম্পের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখনো তেমন সাড়া পাওয়া যায়নি। উত্তর কোরিয়া একদিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অন্যদিকে কমিয়ে আনা সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির অনুমোদন এবং উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করার কর্মসূচিতে অর্থায়নের পরিকল্পনারও সমালোচনা করেছে দেশটি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :