​মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৩:১৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৩:১৭:০৪ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে তাহমিদ (৭) ও জিসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলামের দ্বিতীয় সন্তান এবং তাহমিদ প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে। তারা উভয়েই খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একটি জলাধারে কয়েকজন এলাকাবাসী জাল দিয়ে মাছ শিকার করছিলেন।

এ সময় শিশু দুটিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন সেখানে থাকা লোকজন। কিছুক্ষণ পর তাদের আর দেখতে না পেয়ে উপস্থিত লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় এক ঘণ্টা পর জলাধারে ফেলা জালগুলো টেনে তোলার সময় ঘটে হৃদয়বিদারক ঘটনা। জালের সঙ্গে উঠে আসে জিসান ও তাহমিদের নিথর দেহ। পরে উপস্থিত লোকজন দ্রুত তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শিশু দুটির মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। স্বাস্থ্যগত সব পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :