​লালপুলে ডাবের বিশাল বাজার, মাসে কোটি টাকার কারবার

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১২:৫৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০১:২২:১৫ অপরাহ্ন
তৃষ্ণা মেটাতে কচি ডাবের পানির জুড়ি নেই। শুধু পানীয় হিসেবেই নয়, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের পথ্য হিসেবেও এর চাহিদা এখন আকাশচুম্বী। এই চাহিদাকে কেন্দ্র করে ফেনীর লালপুলে গড়ে উঠেছে ডাবের এক বিশাল পাইকারি আড়ত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই আড়তে প্রতি মাসে কোটি টাকার বেশি ডাব কেনাবেচা হচ্ছে। এখান থেকে প্রতিদিন ডাবের বড় বড় চালান যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালীর সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ এবং সোনাগাজীর বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার ডাব ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশায় করে এই আড়তে নিয়ে আসা হয়। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই আড়ত থেকে ১০-১২টি ট্রাকে করে প্রায় ৫ থেকে ৬ হাজার ডাব দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। বিশেষ করে ঢাকার উত্তরা, কারওয়ান বাজার, চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ও কুমিল্লার চকবাজারে এই ডাবের ব্যাপক চাহিদা রয়েছে।

পাইকারি বিক্রেতা মোহাম্মদ শেখ ফরিদ বলেন, ‘বর্ষা শেষে গাছে ফলন বেশি থাকায় আড়তে ডাবের আমদানি বাড়ে। প্রতিদিন এখান থেকে হাজার হাজার ডাব যাচ্ছে বড় বড় শহরে।’ আরেক বিক্রেতা নূর ইসলাম জানান, তাঁরা প্রান্তিক চাষিদের কাছ থেকে প্রতিটি ডাব ৬০-৭০ টাকায় কিনে আড়তে ৯০-১০০ টাকায় বিক্রি করেন। খুচরা বাজারে এই ডাবই আবার ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।

তবে ডাব চাষে কিছু সমস্যার কথাও জানিয়েছেন বাগানমালিকেরা। সোনাগাজীর চর চান্দিয়ার বাসিন্দা মোহাম্মদ আলী ফরহাদ অভিযোগ করেন, কাঠবিড়ালির উপদ্রবে ডাব নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে কৃষি বা বন বিভাগ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ বলেন, ‘সোনাগাজীর মাটি ও আবহাওয়া নারিকেল চাষের জন্য খুবই উপযোগী। পরিচর্যা ও সচেতনতার অভাবে ফলন অনেক সময় কাঙ্ক্ষিত মানে পৌঁছায় না। আবাদ বাড়াতে এ বছর ১৮০০ কৃষকের মাঝে ৯ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।’

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ডাবের পানি প্রাকৃতিক স্যালাইনের কাজ করে এবং শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। সোনাগাজী সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ ইসমাইল জানান, নিয়মিত ডাবের পানি ও নারিকেল খেলে কিডনি ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। উপকূলীয় অর্থনীতিতে ডাব ও নারিকেল এখন অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :