​ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯০৭

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:২৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:২৩:১৮ অপরাহ্ন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। তাদের মধ্যে ১৬ থেকে ২০ বছর বয়সী একজন, ২৬ থেকে ৩০ বছর বয়সী একজন এবং ৩১ থেকে ৩৫ বছর বয়সী একজন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৩৮ জন এবং নারী ৩৬৯ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এরপর বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৬৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে নারীর সংখ্যা বেশি। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৫১ জন নারী এবং ৩৬ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :