প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৫:০৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:০৮:২৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে হত্যার মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন শরীফ আলী। পরে এ হত্যাকাণ্ডের দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপানোর চেষ্টা করেন তিনি।

ঘটনার পর নিহত রুনার মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। মামলার তদন্তে শরীফ আলীর সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। পরে তাকে আটক করা হলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ ১২ বছর ধরে চলা মামলার বিচার শেষে সোমবার আদালত শরীফ আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি তোফায়েল আহমদ বলেন, প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা থেকেই শরীফ আলী নিজের মেয়েকে হত্যা করেছিলেন। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালেও তদন্তে তাঁর নিজের সম্পৃক্ততা বেরিয়ে আসে।

তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে কেউ পার পাবে না, এটি আবারও প্রমাণিত হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :