মায়ের কোল থেকে শিশু উধাও!

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০২:৫৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০২:৫৮:০৯ অপরাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মায়ের কোল থেকে কৌশলে চার মাস বয়সী এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ শিশুটির নাম মারুফা জান্নাত মাহি। সে উপজেলার দক্ষিণ ছালামী পাড়ার মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তার দম্পতির মেয়ে।

অভিযুক্তরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদরের ইসলামপুর পুরাতন বাসস্টেশন এলাকার শফি উল্লাহ (৫০), তার শাশুড়ি খালেদা বেগম (৪০) এবং মো. আলম (৩০) ও তার স্ত্রী তৃষা (২৫)।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ইয়াছমিন আক্তার তার স্বামী ও সন্তানকে নিয়ে ইসলামপুর এলাকার বাসিন্দা তার ননদ খালেদা বেগমের বাড়িতে বেড়াতে যান। সেখানে মো. আলম ও তার স্ত্রী তৃষার সঙ্গেও তাদের পরিচয় হয়। পরদিন শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শফি উল্লাহর বসতঘরে থাকা অবস্থায় তৃষা শিশু মাহিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল ফোন চার্জ দেয়ার কথা বলে চলে যান। কিছুক্ষণ পর শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এ সময় তৃষাকে আর ঘরে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, আলম ও তৃষা শিশুটিকে নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, শফি উল্লাহ ও খালেদা বেগমের সঙ্গে আলম-তৃষা দম্পতির ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক লেনদেনের বিষয় রয়েছে। এ লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে যোগসাজশ থাকতে পারে এবং তাদের সহযোগিতায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। শিশুটিকে উদ্ধারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :