বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:৪৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:৫২:৪৩ অপরাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্কিন ডলারের নিম্নমুখি অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই কারণে বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বাজারে মার্কিন ডলার কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ডলার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্বল ডলার সাধারণত অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে, ফলে স্বর্ণের চাহিদা বাড়ে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সপ্তাহের শুরুতেই স্বর্ণ আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলন অর্থনীতির অন্তর্নিহিত চাপ ও নীতিগত অনিশ্চয়তার কী ইঙ্গিত দিচ্ছে, সেটিও বাজারে গুরুত্ব পাচ্ছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেড চেয়ারম্যান যদি সুদের হার নিয়ে সতর্ক ও নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। কারণ সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদাও শক্তিশালী রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়াম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫০ ডলারে অবস্থান করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :