রোহিঙ্গা সংকট অর্থনীতিতে চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৩২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতি নানা ধরনের চাপ তৈরি করছে। তাদের অবস্থানের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়ছে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এ সংকটের প্রভাব শুধু মানবিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।’

অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।

এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বাড়ানোই ছিল এ কোর্সের অন্যতম উদ্দেশ্য।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :