​অপহৃত চিকিৎসককে পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১২:৩২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১২:৩২:০৫ অপরাহ্ন
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল।

বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, সেদিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে তোলে।

কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে অপহরণকারীরা তাকে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় টহলরত পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর আনসার সদস্যরা তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। বিপদের মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ভুক্তভোগী চিকিৎসক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :