গ্যাস সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: ​ড. জাহেদ

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৭:৫৫:৪০ অপরাহ্ন
দেশের চলমান গ্যাস সংকট পুরোপুরি নিরসনে আরও অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মানুষের সাময়িক দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গ্যাস সংকট নিয়ে বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাহেদ উর রহমান বলেন, জ্বালানি সংকটের কারণে মানুষের কষ্ট হচ্ছে, এটি সত্য। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য শুধু বর্তমান সরকারকে দায়ী করা ঠিক হবে না।

তিনি বলেন, দেশের জ্বালানি খাতে বিদ্যমান সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার পাশাপাশি সাম্প্রতিক একটি দুর্ঘটনাজনিত পরিস্থিতির ফল। সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।

গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভোলায় পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির চেষ্টা চলছে। দেশের স্থলভাগে নতুন গ্যাসক্ষেত্র ও কূপের সন্ধানে অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে।

ড. জাহেদ উর রহমান আরও বলেন, বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী দেশের স্থলভাগে প্রায় ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে। বিপরীতে বর্তমানে দেশে বছরে গ্যাসের চাহিদা প্রায় ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট। এই সম্ভাব্য মজুত অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে ভবিষ্যতে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধানের জন্য শুধু আমদানিনির্ভরতার ওপর নির্ভর না করে দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি আমদানির মাধ্যমে বর্তমান সংকট সামাল দেওয়ার চেষ্টা চলছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আবু ওয়াহাব আকন্দ ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :