​ভারতেও সেরা বাংলাদেশের ‘আলী’

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৫:৩৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৫:৩৩:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাজিমাত করেছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের (বিআইএসএফএফ) ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য আরও একটি বড় মাইলফলক অর্জিত হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের এই সম্মানজনক বিভাগে ‘আলী’ বিজয়ী হয়েছে। একই সঙ্গে তিনি উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ পুরো নির্মাণ দল এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

প্রশংসিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প মূলত উপকূলীয় অঞ্চলের আলী নামের এক কিশোরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সমাজে প্রচলিত নানা ধরনের লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখানোর এক অদম্য স্বপ্ন দেখে সে। ব্যক্তিস্বাধীনতা ও চিরাচরিত প্রথা ভাঙার এই অনুপ্রেরণামূলক গল্পে নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন আল-আমিন।

ভারতে এই স্বীকৃতি পাওয়ার আগে আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ এক ইতিহাস গড়েছিল বাংলাদেশি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০২৫ সালে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করেছিল ‘আলী’। কানের মতো বিশ্বমঞ্চের পর এবার এশিয়ার এই গুরুত্বপূর্ণ আসরে জয়লাভ করাটা দেশের স্বাধীন চলচ্চিত্র এবং এর নির্মাতাদের জন্য অত্যন্ত ইতিবাচক এক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :