খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৪:২৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৪:২৭:২০ অপরাহ্ন
২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একই সাথে আদালত ৩৪ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং বর্তমানে কারাগারে থাকা ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

শুনানিকালে প্রসিকিউটর জহিরুল আমিন ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন এবং আদালতে অপরাধের তিনটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন। ওই ভিডিওগুলোতে আসামিদের সরাসরি অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়, যা বিচারিক প্যানেল গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছেন। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৫ আগস্ট দুপুরে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা এবং একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিবকে হত্যার ঘটনায় এই আসামিরা সরাসরি জড়িত। এছাড়া অসংখ্য মানুষ ওই দিনের হামলায় গুরুতর আহত হয়েছিলেন।

আদালতের নির্দেশে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হওয়া ৪ জন হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক। অন্যদিকে, খায়রুজ্জামান লিটন ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তদের তালিকায় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক শীর্ষ নেতা। ট্রাইব্যুনাল মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শেখেরচক স্বচ্ছ টাওয়ার, লবঙ্গ রেস্টুরেন্ট এবং পদ্মা নদীর বেড়িবাঁধসহ আশপাশের এলাকায় আসামিদের পরিচালিত এই নৃশংসতা স্পষ্টত মানবতাবিরোধী অপরাধের শামিল। ৩০ জুলাই দাখিলকৃত এই অভিযোগপত্রের ভিত্তিতেই আজকের এই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :