​লটারিতে বদলি-পদায়ন গণপূর্তের ৪০৯ প্রকৌশলীকে

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৫:৫৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৫:৫৮:০৭ অপরাহ্ন
স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এসব বদলি-পদায়ন করা হয়।

বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।

লটারির মাধ্যমে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।

অন্যদিকে উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে বদলি-পদায়ন করা হয়।

লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :