দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৪:২৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৪:২৬:৩৭ অপরাহ্ন
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা গেছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সি-এমই-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম-দুই দিকের সংযোগই বন্ধ ছিল। পরে ক্যাবলটির সংযোগ স্বাভাবিক হয়।

বিএসসিপিএলসি আরও বলছে, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫ প্রায় আড়াই ঘণ্টা ডাউন ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাবলটির সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে আবার সচল হয়। এ সময় দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত নয়।

বিএসসিপিএলসির সূত্র বলছে, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। ক্যাবলটি সচল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বিএসসিপিএলসির জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে কিছু সময় ডাউন ছিল। এখন আবার স্বাভাবিক। সামগ্রিকভাবে ইন্টারনেটে খুব বেশি প্রভাব পড়েনি।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :