গ্যাস-বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলে সিপিবির বিক্ষোভ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০২:৫৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০২:৫৭:২৭ অপরাহ্ন
গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর মোড়ে সিপিবির শান্তিনগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
 
এ সময় বক্তারা, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংকট জনজীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। এর সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ করে তুলেছে। 

বক্তারা আরো বলেন, গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা মানুষের দৈনন্দিন জীবন ও শিল্প উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। 

সমাবেশে বক্তারা রাজধানীসহ দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, মশা নিধন ও রোগ প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর ও সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। অপর্যাপ্ত মশকনিধন কার্যক্রম, অপরিচ্ছন্ন পরিবেশ, পানি জমে থাকা এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে ডেঙ্গু বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ, দেশীয় জ্বালানি প্রতিষ্ঠান শক্তিশালী করা, এলএনজি-নির্ভরতা কমানো এবং জনগণের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরজুড়ে সমন্বিত মশকনিধন অভিযান, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ও ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :