​চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত চার

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৪:১৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৪:১৮:২৭ অপরাহ্ন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া থানার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল।

অন্যদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাচ্ছিল। পথে খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়।

এসময় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় আর  লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে লেগুনার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুলের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :