​প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:১৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:৪২:৫৫ অপরাহ্ন
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুসম্পর্ক চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। গত জুনে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকমিশনার জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেদেশের জনগণ বাংলাদেশের সাথে একটি চমৎকার ও টেকসই সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা করেন। আলোচনায় ইতিবাচক আগামীর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে আলোচনাকে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ অভিহিত করে দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশে অনেক ইস্যু থাকবে, তবে সবই সমাধানযোগ্য।’ 

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে আন্তরিক অভ্যর্থনা জানান। হাইকমিশনার ঢাকায় গত দুই মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে নিবিড় আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিতে একটি অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে রোববার (৯ আগস্ট) বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :