লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে জিম্মি ১৩ বাংলাদেশিকে উদ্ধার

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১২:০৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১২:০৭:০০ অপরাহ্ন
লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে জিম্মি ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। দেশটির অবৈধ অভিবাসন বিরোধী সংস্থার পূর্ব ত্রিপোলি শাখা রাজধানী ত্রিপোলির একটি স্থান থেকে তাদেরকে উদ্ধার করে। শুক্রবার লিবিয়ার সংবাদমাধ্যম লিবিয়া অবজারভার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ত্রিপোলির একটি স্থানে ওই ১৩ বাংলাদেশিকে বন্দি করে রাখা হয়েছিল। তাদের মুক্তির বিনিময়ে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে একজন সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে অবৈধ অভিবাসন বিরোধী সংস্থা জানিয়েছে, সদ্য আগত অভিবাসীদের অপহরণ করে এবং তাদের আত্মীয়দের কাছে মুক্তিপণ দাবি করেছিল একটি অপরাধমূলক চক্র। এই তথ্য পাওয়ার পর তদন্তকারীরা কাজ শুরু করে। পরে ভিকটিমদের যেখানে রাখা হয়েছিল এবং সন্দেহভাজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়। পাবলিক প্রসিকিউশন থেকে অনুমোদন পাওয়ার পর কর্মকর্তারা ওই স্থানে অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করে। এসময় সেখানে উপস্থিত এক সিরীয় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সংস্থাটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ওই সিরীয় ব্যক্তি অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য স্বীকার করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :