​জামায়াত আমির

দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া অন্যায়

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৪:১৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৪:১৮:২৯ অপরাহ্ন
দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া অন্যায় ও জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে এখনই রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত নয়। তারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রাজনীতিকে হত্যা করেছে। অসংখ্য মানুষের গুম ও খুনের পেছনে তারা জড়িত ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত তারা এসব অপকর্মের জন্য ন্যূনতম দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি। একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা গুম-খুন চালাল, কোনো অনুশোচনা ছাড়া কেবল দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায় ও জঘন্য অপরাধ।

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের মূল দায়িত্ব। সরকার যত দক্ষতার সাথে তা পরিচালনা করবে, দেশ তত সুন্দরভাবে চলবে। বিরোধীদল হিসেবে সংসদের ভেতরে সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা এবং গঠনমূলক বিরোধিতা অব্যাহত থাকবে।

জুলাই সনদ ও গণসংখ্যার মতামত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান জানাতে হবে। কোনো অবস্থাতেই জনগণের এই গণরায়কে অপমান করতে দেওয়া হবে না।

সংসদের পরিবেশ নিয়ে তিনি বলেন, অতীতে সংসদে অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা ও ফাইল ছোড়াছুড়ির মতো দৃশ্য দেখা গেছে। জামায়াত সংসদকে একটি সভ্য ও গঠনমূলক চর্চার জায়গায় রূপান্তর করতে চায়। কোনো ধরনের উসকানিতে প্ররোচিত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানান তিনি।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।

এছাড়া বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে অংশ নেন। সেখান থেকে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :